করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার তৈরি ভ্যাকসিন। গত বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞদের একটি প্যানেল জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি অনুমোদনের সুপারিশ করেছে। অনুমোদন পেলে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পর এটিই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন হবে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ সুপারিশ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে করে আগামী সপ্তাহে দেশটিতে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। করোনাভাইরাস মহামারীর প্রকোপে বিশ্বের যেকোনো দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এ সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। এর আগে গত সপ্তাহে এই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। এরপর তা দেশটিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশের পর বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটি অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এফডিএ’র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।
