‘৮০ হাজার টাকা জমা দিলেই তিন দিন পর পাবেন দেড় লাখ টাকা মূল্যের মোটরসাইকেল। এর ১৫ দিন পর জমাকৃত ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হবে গ্রাহককে।’ এমন প্রলোভন দিয়ে আট শতাধিক নারী গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছেন নীলফামারীর ডোমার বাজার সমবায় সমিতির কর্তারা।
ওই টাকা ফেরতের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টা থেকে ডোমার বাজার রেলগুমটি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতারণার শিকার চার শতাধিক নারী। এমন অবরোধে প্রায় দুই ঘণ্টা ডোমার-ডিমলা ও দেবীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ক্ষুব্ধ নারীরা।
তাদের অভিযোগ, ‘ডোমার বাজার সমবায় সমিতি’ নামের একটি সংগঠন মাস দেড়েক আগে ডোমার উপজেলা শহরের সাহাপাড়ায় কার্যালয় খুলে বসে। ওই সমিতিতে শুধু নারীদের সদস্য করা হয়। ওই সমিতিতে ৮০ হাজার টাকা জমা করলে তিন দিন পর ১ লাখ ৫০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল এবং ১৫ দিন পর জমা করা ওই ৮০ হাজার টাকা ফেরতসহ নানা লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথমে সমিতিটি কয়েকজনকে বিভিন্ন সুবিধাও দেয়। পরে মাত্র দেড় মাসে আট শতাধিক নারীর কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করে সটকে পড়েন সমিতির সংশ্লিষ্ট মানিক ও মামুন নামের দুই ব্যক্তি।
প্রতারণার শিকার উম্মে হাবিবা (৪৮), লাকি বেগম (৩৯), মুন্নি আক্তার (৩২), পারুল বেগম (৩০) ও শেফালী আক্তার (২০) অভিযোগ করে বলেন, ‘গরু-ছাগল বিক্রি করে সমিতিতে ৮০ হাজার করে টাকা জমা করেন তারা। ওই টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে। প্রতারকদের গ্রেপ্তারসহ টাকা উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।’
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। আন্দোলনকারীদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু তারা অভিযোগ দিচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, ডোমার বাজার সমবায় সমিতি উপজেলা সমবায় দপ্তরের নিবন্ধিত। সমিতির চেয়ারম্যান উপজেলা শহরের চিকনমাটি গ্রামের মামুন হাসান মানিক, পরিচালক মাহমুদ হাসান মামুন। তাদের দুজনের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে ও খুদে বার্তা পাঠানোর পরও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, ‘ওই সমিতির সমবায়ের একটি নিবন্ধন আছে। অভিযোগ ওঠার পর আমরা সমিতির চেয়ারম্যান ও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা জামানত হিসেবে এক কোটি টাকার একটি চেক আমাদের কাছে জমা রেখেছেন। আন্দোলনকারীরা আমাদের কাছে এখনো লিখিত অভিযোগ করেননি। এরপরও আমি আগামীকাল (আজ রবিবার) তাদের নেতৃস্থানীয় পাঁচজনকে অফিসে ডেকেছি। তাদের সঙ্গে কথা বলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
