করোনা: যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করল নেদারল্যান্ডস-বেলজিয়াম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পিএম

যুক্তরাজ্য নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের কথা ঘোষণার পর দেশটি থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস এবং বেলজিয়াম। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ফ্লাইট ছাড়াও যুক্তরাজ্যের সঙ্গে ট্রেন চলাচলও নিষিদ্ধ করেছে বেলজিয়াম। দেশটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট এবং ট্রেন বন্ধ করে দিচ্ছে তারা।

একইভাবে এক বিবৃতিতে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, এদিন থেকেই যুক্তরাজ্যের সব যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা থাকবে ১ জানুয়ারি পর্যন্ত।

এদিকে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আরও একইরকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে।

ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএমটিভিও জানিয়েছে,যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট এবং ট্রেন চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে ফরাসি সরকার। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা আসছে।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনার একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করেন। মহামারির এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে তারা জানান।

এদিকে ওয়ার্ল্ডোমিটার ইনফো অনুসারে, যুক্তরাজ্যে ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬৭ হাজার ৭৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত