ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারিপাড়া এলাকায় গতকাল রবিবার বিকেলে বাসের চাপায় পাঁচ ইজিবাইকযাত্রী আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ইজিবাইকে চাপা দেয়। এ সময় চালক ও ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে কয়েকশ যানবহন আটকা পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে স্পিডব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
