সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০১:০৪ এএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী শওকত হোসেনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে কালেক্টরেট চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও ধলবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শত শত নারী, পুরুষ ও বীর মুক্তিযোদ্ধারা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন শেষে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেওয়া হয়। 

মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণু পদ, শিক্ষক ইয়াছিন আলী, ওকালত হোসেন বদিউজ্জামান প্রমুখ।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত চেয়ারম্যান গাজী শওকত হোসেনের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত