ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মনসুর খানের ছেলে মনিরুল ইসলাম (১৫), নিমকিকান্দা গ্রামের মুলহক আলী (৪৮) এবং কলমাকান্দা উপজেলার বটতলার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩২)। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোনাগামী যাত্রীবাহী অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনের দিকে যাওয়ার সময় দ্রুতগতির অপর একটি ট্রাক সামনে থেকে চাপা দেয় অটোরিকশাটিকে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
