যশোরের আরবপুরে গতকাল সোমবার বিকেলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার আরবপুর মোড়ের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান বিষে (৪৫) আরবপুরের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে।
পুলিশের এ কর্মকর্তা জানান, রেস্তোরাঁয় ভাত খাওয়ার সময় বিষেকে তার প্রতিপক্ষের সাগরসহ কয়েকজন ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহত বিষের ভাই শুভ হাওলাদার বলেন, বালু তোলা নিয়ে কোন্দলের জেরে তার ভাইকে হত্যা করেছে সাগর।
তবে যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, হত্যার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, আমিনুর রহমান বিষেকে বিকেল ৩টা ৫৫ মিনিটে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
