রংপুরে আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

শীতের কবল থেকে রক্ষা পেতে খড় কুটো জ্বালিয়ে আগুন পোহাতে  গিয়ে মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় লিমা নামে এক গৃহবধূ মারা গেছে। তার স্বামী জাহাঙ্গীর হোসেন, বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সেতুলপুর গ্রামে।

হাসপাতালের বার্ন ইউনিট ও স্বজনরা জানিয়েছেন, গত রবিবার সকালে প্রচন্ড শৈত্য প্রবাহ থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে লিমার কাপড়ে আগুন লাগে, এবং মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মারাত্মক দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা গেছে।

নিহতের মা গোলাপি বেগম জানান, মাত্র ১৫ দিন আগে তার মেয়ে একটি সন্তান প্রসব করেছে। প্রচন্ড শীতের কারণে কাহিল হয়ে পড়ায় শীত নিবারনের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় তার মেক্সিতে আগুন ধরে যায় ও মুহূর্তের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ পলাশ জানান, তার শরীরের শ্বাসনালী সহ ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো।

তিনি জানান, বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ১৫ জন চিকিৎসাধিন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত