জেলা পরিষদ বাংলোয় অফিস সহকারীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ পিএম

কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলো থেকে অফিস সহকারি আয়ুব আলীর (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৪টার দিকে জেলা পরিষদের ডাক বাংলোর ১৯ নম্বর কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

আয়ুব চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী বলে জানা গেছে।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, দুপুর ১টা ১০ এর দিকে আমার থেকে চাবি নিয়ে রুমে যায়। তারও কিছুক্ষণ পর আমি ওপরে গেলে দরজা খোলা দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে শহরের বাহারছড়ার বাসায় ছিল। সকাল ১১টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর ২টার দিকে ডাক বাংলোর স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে ৪টার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কী করে আত্মহত্যা করতে পারে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

স্বামী হত্যার বিচারও দাবি করেন মমতাজ বেগম।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত