প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের ফলে বুকবিল্ডিং পদ্ধতিতে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করবে ইনডেক্স এগ্রো। এর মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারীরা কিনবেন। বিডিংয়ের মাধ্যমে তাদের প্রস্তাবিত দামে শেয়ার কিনতে হবে। বাকি ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি সাধারণ শেয়ার ৫০ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীর (অনিবাসী বাংলাদেশিসহ) কাছে ইস্যু করা হবে। ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ের জন্য ইনডেক্স এগ্রোকে গত ১০ সেপ্টেম্বর পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় এসইসি।
×
