গর্ভের সন্তানের করোনা আক্রান্তের ‘শঙ্কা কম’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ পিএম

মা করোনাভাইরাসে আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনাভাইরাস পজিটিভ হওয়ার আশংকা কম বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

চলতি বছরে বোস্টনের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ১২৭জন নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের অর্থায়নে করা গবেষণাটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী নারীদের মধ্যে ৬৪ জনের করোনাভাইরাস পজিটিভ ছিলেন। তাদের গর্ভে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে কারও করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ইউনিস কেনেডি শ্রিভার ন্যাশনাল ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের পরিচালক ডায়ানা বিয়াঞ্চি জানান, এই গবেষণাটি আবারও আশ্বস্ত করল যে, মা গর্ভবতী হলেও নবজাতকের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আশংকা কম। তবে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা হওয়া প্রয়োজন।

করোনাভাইরাসে আক্রান্ত মায়েদের ক্ষেত্রে নবজাতকদের মধ্যে ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। জন্মের পরে নবজাতকের মধ্যে ভাইরাস পজিটিভ পাওয়ার উদাহরণ রয়েছে। তবে সেটি মায়ের গর্ভ থেকেই পজিটিভ নিয়ে জন্ম নাকি জন্ম হওয়ার পর সংক্রমিত ব্যক্তির থেকে সংক্রমিত, তা নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত