নওগাঁর ধামইরহাটে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় বজলুর রহমান (৬৫) নামের এক ডাক পিয়নের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান আলমপুর ইউনিয়নের বীরগ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। তিনি আলমপুর পোস্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘদিন ধরে ডাক পিয়নের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন দেশ রূপান্তরকে জানান, আলমপুর ইউনিয়নের বীরগ্রমে রাস্তার পাশে এক ব্যক্তি পুকুর খননের কাজ করছেন। খননকৃত পুকুরের মাটি বিভিন্ন স্থানে ট্রাকে করে নিয়ে যাওয়ার কাজ চলছিল। বেলা সাড়ে ১২ টার দিকে পুকুর থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর নিচে থেকে মেইন সড়কে উঠছিল। সেময় নিহত বজলুর রহমান সাইকেল যোগে চিঠি নিয়ে বিলি করার জন্য যাচ্ছিলেন। এ সময় মাটি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তিনি মারা যান।
