ইথিওপিয়ায় ১০২ গ্রামবাসীকে হত্যা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১২:১৩ এএম

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে ১০২ জনকে হত্যা করেছে। গত বুধবার বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলের বেকোজি গ্রামে এ হামলা হয় বলে খবর দিয়েছে দি গার্ডিয়ান। দেশটির মানবাধিকার কমিশন বলছে, গ্রামটিতে একাধিক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। স্থানীয় একটি ক্লিনিকের নার্স জানান, তাদের হাসপাতালে আহত অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগ গুলিবিদ্ধ; বাকিরা ছুরিকাহত।

এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি এজন্য ‘শান্তিবিরোধীদের’ দায়ী করেছেন। এক বিবৃতিতে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বলেছে, সশস্ত্র ব্যক্তিরা গুলি ও অগ্নিসংযোগের মাধ্যমে গ্রামের শতাধিক মানুষকে হত্যা করেছে।

গত নভেম্বরে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় ৩৪ জন নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত