চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট বাজার এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ফরিদুল আলম ফৌজদার হাট বাজারের ফরিদ স্টোর নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। তিনি একই এলাকার মৃত ফজলুল হকের পুত্র।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদুল আলম তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে ফৌজদার হাট বাজারের পার্শ্ববর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না তবে পাশে একটা বিষের শিশি পাওয়া যায়। এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
