যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কেউ হতাহত হননি।
ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে ওই এলাকা থেকে সাত হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
