ডাকাতি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:৩৬ এএম

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো স্থানীয় পশ্চিমপাড়ার লতিফ তালুকদারের ছেলে ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন তালুকদার (৪৫) এবং একই বাড়ির শাহজালাল তালুকদারের ছেলে সানি তালুকদার (২৮)।

দাউদকান্দি মডেল থানার এসআই মো. ইমদাদুল হক জানান, গত ২৪ নভেম্বর রাতে পেন্নাই-বাবুরহাট সড়কের দৌলতপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলের চিকিৎসক আশরাফ উদ্দিনের কাছ থেকে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় আশরাফ উদ্দিনের করা মামলায় শাহপরান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার শাহপরানের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার মহসিন ও সানিকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম বলেন, ‘মহসিন বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল। বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত