খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চৌরাস্তা মোড়ের বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সকালে কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় এ ঘটনা ঘটে। ফলে দীঘিনালা উপজেলার সঙ্গে মেরুং ইউনিয়নসহ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে মেরুং থেকে দুটি কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ধসে পড়ে। প্রথমে একটি ট্রাক (ফেনী ট ১১০৮০২) ব্রিজে ওঠে। কিন্তু প্রথম ট্রাকটি ব্রিজ পার না হতেই আরও একটি কাঠ বোঝাই ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৪৪৮৫) ব্রিজে উঠে পড়ে। পরে পেছনে ওঠে যাত্রী বোঝাই মাহিন্দ্র। এতে অতিরিক্ত ভরের কারণে বিকট শব্দে ব্রিজটি নদীতে ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শী স্বপ্না রানী দাশ বলেন, সকাল নয়টার দিকে বিকট শব্দে ব্রিজটি নদীতে ধসে পড়ে। পরে আমরা আহতদের উদ্ধার করি। এতে মাহিন্দ্র গাড়িতে থাকা ড্রাইভার-যাত্রীসহ সাতজন আহত হন।
