নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, যারা দেশের মানচিত্র বদলাতে চায়, দেশের ভবিষ্যৎ নষ্ট ও দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটি লড়াই করতে হবে। একাত্তরের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের কথা মনে করে প্রস্তুত হোন। যারা একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি, তাদের আবার পরাজিত করতে হবে। তাই আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যেখানে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, সেই নারায়ণগঞ্জে এমন জনসভা করব, যার আওয়াজ দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যায়। যারা দেশের বিরুদ্ধে, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে খেলতে চায়, তারা যেন সেই আওয়াজ শুনতে পায়।
গতকাল শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী নাভানা ভূঁইয়া সিটি বালুর মাঠে থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।
