এনায়েতবাজারে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:১০ এএম

চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত আরেক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার সকালে নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের দেয়াল ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সালাউদ্দিন (১৮) ও মো. শুক্কুর (২২)। তারা দুজনই নগরীর এনায়েতবাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকায় পরিবার নিয়ে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্কুরের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে চমেক হাসপাতালে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, দেয়াল ধসে ঘটনাস্থলে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনার পর আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজনের চিকিৎসাসেবা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত