সহায়তা বিলে সই করার আহ্বান বাইডেনের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:১৪ এএম

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া কভিড-১৯ প্রণোদনা বিলে স্বাক্ষর দিতে দেরি করলে এর ‘ধ্বংসাত্মক পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প স্বাক্ষর করে বিলটিকে আইনে পরিণত না করলে বেকারদের ভাতা ও উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞাসহ অনেক কিছুর ওপর এর প্রভাব পড়বে বলে জানিয়েছে বিবিসি।

কয়েক মাসের দর কষাকষির পর গত সপ্তাহে পাস হওয়া বিলে ৯০ হাজার কোটি ডলারের যে প্রণোদনা প্যাকেজ রয়েছে, তাতে বছরে ৭৫ হাজার ডলারের নিচে আয় করা মার্কিনিদের এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ট্রাম্প এ অর্থের পরিমাণ ২ হাজার ডলার করতে চাইছেন। বিলে করোনায় ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক প্রণোদনার সঙ্গে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় বাজেটও জুড়ে দেওয়া হয়। ট্রাম্প স্বাক্ষর না করায় গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একাংশ অচল হওয়ার ঝুঁকিতে পড়েছে। গত শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে বিপুল ব্যবধানে পাস হওয়া এবং দুই দলের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়া সহায়তা বিলে সই করেননি। তার উচিত তাদের সঙ্গে যোগ দেওয়া; লাখো আমেরিকান যেন তাদের টেবিলে খাবার রাখতে পারে ও ছুটির মৌসুমে মাথার ওপর ছাদ রাখতে পারে, তা নিশ্চিত করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত