ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নারী-শিশু নির্যাতন দমন আদালতে সাজাপ্রাপ্ত পলাশ নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার ভাই। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। পলাশের বাড়ি একই ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজাপ্রাপ্ত আসামি পলাশকে বিজয়নগর থানার এসআই গোলাম জিলানী আমতলী উত্তর বাজার রায় মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করেন। তাকে থানায় নেওয়ার পথে তার ছোট ভাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফয়সাল ধস্তাধস্তি করে টেনেহিঁচড়ে পলাশকে ছিনিয়ে নিয়ে যায়।
বিজয়নগর থানার এসআই গোলাম জিলানী বলেন, পলাশকে আটক করে সিএনজিতে ওঠানোর সময় তার ছোট ভাই ফয়সাল আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ সময় পরনের জামা ছিঁড়ে পলাশ দৌড়ে পালিয়ে যায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, পলাশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
