নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। গত দশ বছরে আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে তা অন্য কোনো সরকার করতে পারেনি। নারায়ণগঞ্জ সিটি এলাকায় উন্নয়নকাজ হয়নি এ কথা যদি কেউ বলে তাহলে তিনি দলকেই অস্বীকার করলেন। গত পাঁচ বছরে উন্নয়নের জন্য সরকার থেকে ব্যাপক বাজেট এসেছে। উন্নয়নও হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের চলমান ডিএনডি খালের সৌন্দর্যবর্ধন কাজ ও নির্মাণাধীন ছয়টি দৃষ্টিনন্দন ব্রিজ পরিদর্শ করতে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রানু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা ফজলুল হক হাওলাদার, যুবলীগ নেতা জামান মিয়া প্রমুখ।
