কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এহসানুল হক (২২) নামে এক কয়লা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে।
১২ দিন আগে তিনি ভৈরবে কাজের সন্ধানে এসে পুরাতন ফেরিঘাট এলাকায় কয়লার ঘাটে শ্রমিকের কাজ নেন।
গতকাল রাতে ভৈরব বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার সময় বাসে ওঠার আগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী তার চাচা আজিজুল হক বলেন, আমি ও আমার ভাতিজা এহসানুল হক গত ১২ দিন আগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ভৈরব আসি। কয়েক দিন কয়লা শ্রমিক হিসেবে ভৈরব ফেরিঘাটে কাজ করি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমরা দুজন বাড়ি যাওয়ার জন্য ফেরিঘাট থেকে বাসস্ট্যান্ড আসি। এ সময় এহসানুল একটি ফার্মেসিতে ট্যাবলেট কিনতে যাওয়ার সময় দুইজন লোক কোনো কথা না বলেই তাকে রাস্তায় আটক করে মারধর করতে থাকে এবং পকেটের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনা দেখে আমি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি দেখেও রাস্তার লোকজন এগিয়ে আসেনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, কারা তাকে কেন হত্যা করল তা তদন্ত করা হচ্ছে। অপরাধীদের ধরতে সিসিটিভি ক্যামেরা চেক করে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
