সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে দল পাওয়া সব খেলোয়াড়কে ছাড়পত্র দিচ্ছে না ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে বিভিন্ন দল বাংলাদেশের ছয় ক্রিকেটারকে নিজেদের তাঁবুতে টেনেছে। এরা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মুক্তার আলী ও নাসির হোসেন।
কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সব খেলোয়াড়কে ছাড়পত্র দিতে রাজি নয় বিসিবি। কারণ ওই ছয়জন ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় দলভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যাদের জাতীয় দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে না। বিষয়টি নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট। নিলামে মোসাদ্দেক হোসেন, পেসার তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে বেছে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।
দ্য বেঙ্গলস টাইগার বেছে নিয়েছে দুই তরুণ স্পিন অল রাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে। পুনে ডেভিলস পছন্দ করেছে দীর্ঘদিন ঘরোয়া শীর্ষ পর্যায়েও না থাকা নাসির হোসেনকে।
আবুধাবিতে ২৬ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর।
আরো পড়ুন:
