পিকে হালদারের দুই ফ্ল্যাট ও ৬ একর জমি জব্দের সিদ্ধান্ত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৫৭ এএম

রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) আরও প্রায় ৬ একর জমি ও দুটি ফ্ল্যাট জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে পিকে হালদার ও তার সহযোগীদের ৩ হাজার কোটি টাকা ও বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিন পিকে হালদারের সম্পদসংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করেন। দুয়েক দিনের মধ্যেই সম্পদ জব্দের বিষয়ে আদালতে আবেদন করা হবে বলে দুদকের একজন মহাপরিচালক জানান।

জানা যায়, প্রথম দফায় তদন্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আদালতের অনুমতিক্রমে পিকে হালদারের নামে বেনামে অর্জিত ৪৩ কোটি টাকার স্থাবর সম্পদ ৫৮টি ব্যাংক হিসাব ও ১৭ কোম্পানির শেয়ার জব্দ করে।

দ্বিতীয় দফায় গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৭৩ দশমিক ৭৬ শতাংশ জমি ও ধানমন্ডির দুটি ফ্ল্যাট জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার যেসব সম্পদ জব্দ করা হয়েছে তা হচ্ছে ধানমন্ডির সাতমসজিদ রোডের ১০/এ সড়কের ৩৯ নম্বর বাড়ির ১২/ই ফ্ল্যাট ও একই এলাকার ৬ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির এ-৭ ফ্ল্যাট।

কমিশনের কর্মকর্তারা বলেন, আদালতে এ বিষয়ে আবেদন জনানো হবে। আদালতের আদেশ পাওয়ার পর এসব সম্পদ জব্দ করা হবে।

গত ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মামলাটির তদন্ত করছেন মো. সালাহ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত