রাতের আঁধারে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ পিএম

নরসিংদীর পলাশে রাতের আঁধারে দুইটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলামপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থানে আশপাশের ৫ থেকে ৬টি গ্রামের লোকজন মারা গেলে তাদের কবর দেয়া হয়।

কবরস্থানটি গ্রামের একপাশে নির্জন স্থানে অবস্থিত। কবরস্থানে বাতির মাধ্যমে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহারাদার ছিল না।

বুধবার সকালে স্থানীয়রা কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায় কয়েকটি কবরের মাটি খনন করা। পরে তারা কবরস্থানের কমিটির লোকদের খবর দিলে তারা এসে ৬টি কবর খনন অবস্থায় দেখতে পায়। কবরগুলোতে কোনো মরদেহের কঙ্কাল ছিল না।

এদিকে ইসলামপাড়া কবরস্থানে ও সকালে স্থানীয়রা কবর খনন অবস্থায় দেখতে পায়। সেখান থেকে ও রাতের আঁধারের দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, রাতের আঁধারে দুইটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত