মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৩:৫২ পিএম

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন সদর উপজেলার হিজুলী এবং অপর ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মারা যান।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, সকালে একটি পিকআপ করে কাজে যাচ্ছিল কিছু নির্মাণ শ্রমিক। এ সময় উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে গিয়ে পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নামের দুই শ্রমিক মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত