নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যার পৃথক দুই মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির অন্যতম সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
শুনানী শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজনৈতিক সংঘাতে ২০১৪ সালের ৫ জানুয়ারি রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট রাজিব নিহত হন। এসব ঘটনায় বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার দুলাল ব্যাপারীর ছেলে ও জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা দিয়ে আমার সত্তরোর্ধ বৃদ্ধ পিতাকে কারাগারে পাঠানো হয়েছে। আমার পিতাসহ সবার মুক্তি দাবি করছি।
