নরসিংদীর পলাশে রাতের আঁধারে দুটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলামপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থানে আশপাশের পাঁচ-ছয়টি গ্রামের লোকজন মারা গেলে তাদের কবর দেওয়া হয়। কবরস্থানটি গ্রামের একপাশে নির্জন স্থানে অবস্থিত। কবরস্থানে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহারাদার ছিলেন না। গতকাল বুধবার সকালে স্থানীয়রা কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পান কয়েকটি কবরের মাটি খোঁড়া। পরে তারা কবরস্থানের কমিটির লোকদের খবর দিলে তারা এসে ছয়টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরগুলোতে কোনো মরদেহের কঙ্কাল ছিল না। এদিকে ইসলামপাড়া কবরস্থানেও সকালে স্থানীয়রা একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। সেখান থেকেও রাতে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, রাতের আঁধারে দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
