যুক্তরাজ্য থেকে সিলেটে আরও ২০৫ জন, সবাই হোম কোয়ারেন্টিনে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

যুক্তরাজ্যে ব্যাপক সংক্রমণ ও নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধ করলেও বাংলাদেশে তা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবারও বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ২৩৭ জন যাত্রী এসেছেন। এদের মধ্যে ২০৫ জন সিলেটের এবং ৩২ জন ঢাকা শাহজালাল বিমানবন্দরে গিয়ে নামেন।

সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, যারা এসেছেন, তাদের সকলের করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। তাই তাদের হোম কোয়ানেন্টিনের নির্দেশনা দিয়ে বাড়ি যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তবে শুক্রবার থেকে যুক্তরাজ্য ফেরত সব যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলকভাবে মানতে হবে।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে ওসমানী বিমানবন্দরে নামেন সিলেটের ২০৫ জন যাত্রী। পরে ফ্লাইটে থাকা আরও ৩২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে সিলেট থেকে ছেড়ে যায় বিমানটি।

এর আগে গত সোমবার ১৬৭ যাত্রী নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট এসেছিল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। যার মধ্যে ১৪৪ জন যাত্রী ছিলেন সিলেটের। তাদেরও হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করা হচ্ছে। কারও নেগেটিভ সনদ না থাকলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এখন অধিক সংক্রামক নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও অধিকাংশই সিলেট অঞ্চলের। তাদের মধ্যে অনেকে দেশে ফেরায় বর্তমানে সিলেট অঞ্চলে করোনার নতুন ধরনের সংক্রমণ ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত