পঞ্চগড় পৌর নির্বাচনে সহিংসতা

আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১১:১৬ পিএম

পৌরসভা নির্বাচনে কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে হাসনাত হামিদুর রহমান, মকলেছুর রহমান, আবুল খায়ের, মো. ফজর আলী, মোজাম্মেল হক, কাজী মো. জাহেদুল হক, নিজামউদ্দিন পাটোয়ারী, মো. হোসেন আলীসহ ওয়ার্ডের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

হাসনাত হামিদুর রহমান বলেন, ‘আমরা আইন হাতে তুলে নিইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার কর্মী-সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়েছে। আমরা মামলা করেছি। আমরা আশা করি পুলিশ প্রশাসন আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভা নির্বাচনে তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্দেশে তার কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাসনাত হামিদুর রহমানের ছোট ভাই মো. শিশির (২৭), মো. আবিদ (১৫), সিদ্দিকুর, মো. মুকুল, মো. ফরহাদসহ ১৭ কর্মী-সমর্থককে বেধড়ক মারধর করে। এ ঘটনায় আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। শিশির, আবিদ ও মুকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার হাসনাত হামিদুর রহমানের বাবা মকলেছুর রহমান বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত