বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রাথমিক পর্যায়ে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘ক’ তালিকাভুক্ত ২০৮ ভূমিহীন ও গৃহহীনের জন্য তৈরি করা হচ্ছে পাকা বাড়ি।
চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এসব ঘর নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করেছে উপজেলা প্রশাসন। এ জন্য ৩৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় জমিও নেই বাড়িও নেই এমন ‘ক’ তালিকাভুক্ত পরিবারের সংখ্যা ৯৯৯ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২০৮ জনকে খাস জমিতে তৈরি করে দেওয়া হচ্ছে পাকা বাড়ি। সংযুক্ত শৌচাগারসহ দুই কক্ষবিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা, যা একটি ছোট পরিবারের থাকার জন্য যথেষ্ট। সুপেয় পানির জন্য থাকছে নলকূপ। প্রতিটি পাকা বাড়ি নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এসব বাড়ির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিচ্ছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বিলুপ্ত গারাতি ছিটমহলের যোগিপাড়া গ্রামের দিনমজুর বিল্লাল হোসেন বলেন, আমার নিজের জমি নেই। মানুষের জমিতে একটি খড়ের ঘর তুলে স্ত্রী-সন্তানদের নিয়ে কোনোমতে সংসার করছি। ছিটমহল বিনিময় করে প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এখন তিনি আমাদের পাকা ঘর তৈরি করে দিচ্ছেন। তিনি গরিবের বন্ধু। আমরা দোয়া করছি মহান আল্লাহতায়ালা যেন তাকে বহুদিন বাঁচিয়ে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত ২০৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
