ফেনীতে দেয়াল চাপা পড়ে হাবিবুর রহমান (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে ফেনী শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই এলাকার উকিল বাড়িতে শ্রমিকরা ফ্লোর (মেঝে) ঢালাইয়ের জন্য মাটি খুড়ছিলেন নির্মাণ শ্রমিকরা।
এ সময় হঠাৎ পাশের সীমানা প্রাচীর ধসে শ্রমিকদের উপর পড়ে। দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে হাবিবুর রহমান ও আরিফ হোসেন নামের দুই শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করে এবং আরিফকে হাসপাতালে ভর্তি করায়।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
