ছিনতাইয়ের প্রতিবাদ করায় বন্ধুকে হত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১০:৪৩ পিএম

সাভারে নিখোঁজের ছয় দিন পর ধলেশ্বরী নদী থেকে পোশাক শ্রমিক সাজেদুল ইসলামের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত সাজেদুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার বাশিলা মধ্যপাড়া এলাকার মো. মন্তাজের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে হেমায়েতপুর হরিণধরা এলাকার ঈমান আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, কিছু দিন আগে হরিণধরা এলাকার পেশাদার ছিনতাইকারী কাদের মিয়ার ছেলে মিলন (২৪), খোকন মিয়ার ছেলে শাওন (২২) ও ইব্রাহিম মিয়ার ছেলে ইমনের (২৩) সঙ্গে পরিচয় হয় পোশাক শ্রমিক সাজেদুলের। ওই তিন ছিনতাইকারী হরিণধরা ও বাগবাড়ি মোড় এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করায় বিষয়টির প্রতিবাদ করে সাজেদুল ইসলাম। এ ঘটনায় তাদের মধ্যে মনোমালিন্য হলে সাজেদুলকে হত্যার পরিকল্পনা করে ছিনতাইকারীরা।

একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর কারখানা ছুটির পরে সাজেদুল ইসলামকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে ওই ছিনতাইকারীরা। পরে তার  লাশ গুম করার জন্য বস্তায় ভরে ইট বেধে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। এ ঘটনার নিহতের মা সাজেদা বেগম তিন ছিনতাইকারীর নামে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শনিবার রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারী মিলনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিকে রাতে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত