পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অভিযান চলাকালে দুই ফরাসি সৈন্য নিহত ও একজন আহত হয়েছেন বলে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। গত শনিবার একটি বিস্ফোরক ডিভাইস সৈন্যদের বহনকারী সাঁজোয়া যানে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।
ঘটনার সময় ফরাসি সৈন্যরা মালির পূর্বাঞ্চলীয় মেনাকায় প্রাথমিক অনুসন্ধান ও তথ্য সংগ্রহের অভিযানে ছিলেন বলে ফ্রান্সের জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে জানানো হয়েছে। আহত সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।
মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ‘বাককেন’ নামের সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্স। উভয় ঘটনায় হতাহত সেনারা এ অভিযানের অংশ ছিল। গত সোমবার হমবরিতে চালানো হামলার দায় আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) স্বীকার করেছে বলে শনিবার এক টুইটে জানিয়েছে জিহাদিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
