ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩২ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে দুটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় শিয়াল দুটি গ্রামের নারী-শিশুসহ অর্ধশত মানুষকে কামড়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, সন্ধ্যার পর শিয়াল গ্রামের ভেতরে এসে মানুষকে কামড়ে দেয়। অনেককে ঘরের ভেতরে ঢুকেও কামড়েছে। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, শিয়ালের কামড়ে কেউ কম, কেউ বেশি আহত হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। সবাইকে জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
