মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল রবিবার সকালে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করলে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আবদুল হাইকে আটকও করে।
সকাল ১০টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ অহিদুজ্জামান আবদুল হাইকে আটক করে।
কালকিনি থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, সরকারি কাজে বাধাদান করায় আমরা তাকে আটক করি। অপরদিকে, পটুয়াখালীর বাউফলেও শোভাযাত্রা করতে দেয়নি পুলিশ। বেলা ১১টায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে র্যালি বের করলে পুলিশ বাধা দেয়।
