ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার শর্তে ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছে মাদারীপুরের আদালত। গতকাল রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ধর্ষণ মামলার আসামি রবিউল বেপারীকে ধর্ষণের শিকার নারীকে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করার শর্তে জামিনের আদেশ দেন। পরে বিকেলে জামিনে কারামুক্ত হয়ে আদালত চত্বরে মামলার বাদী নারীকে ১০ লাখ দেনমোহরে বিয়ে করেন রবিউল।
সংশ্লিষ্ট আদালতে উপস্থিত আইনজীবীরা মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, মাদারীপুর শহরের বটতলা এলাকার রবিউল বেপারী প্রেমের সম্পর্ক গড়ে সদর থানার পাঁচখোলা গ্রামের বাসিন্দা ও মাদারীপুর শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে একাধিকবার বিভিন্ন সময়ে বিয়ের কথা বলে ধর্ষণ করেন। কিন্তু পরবর্তীকালে রবিউল ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর গত বছর ২৫ নভেম্বর ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ ওইদিনই আসামি রবিউলকে গ্রেপ্তার করে। এরপর গতকাল জামিন পেয়ে তিনি ১০ লাখ টাকা দেনমোহরে ম্যারেজ রেজিস্ট্রার নুরুল হক সিকদারের মাধ্যমে ওই ছাত্রীকে বিয়ে করলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে ছেলেমেয়ে তাদের উভয় পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নিলে আদালত ধর্ষণ মামলার আসামি রবিউলের জামিন মঞ্জুর করেন। আসামি জামিনে মুক্তি পেয়ে আদালত চত্বরে বসেই মামলার বাদীকে বিয়ে করেন।’
