অল্প ভোটের ব্যবধানে ফের হাউস স্পিকার পেলোসি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি খুব অল্প ভোটের ব্যবধানে রবিবার ফের মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

ডেমোক্র্যাট দলের ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন।

অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট।

নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, ‘খুবই কঠিন এ সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি। আমাদের জরুরি অগ্রাধিকার করোনাকে পরাজিত করা। আমরা করোনাকে পরাজিত করতে পারবো।’

মার্কিন প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ৪৩৫ হলেও ভোট দিয়েছেন ৪২৭ জন। কারণ নবনির্বাচিত কিছু কংগ্রেস সদস্য কভিড-১৯ এর কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিলেন ন্যান্সি (৮০)। ট্রাম্প ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। কিন্তু ২০২০ সালের প্রথমদিকে ট্রাম্প সিনেট থেকে ছাড় পান।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত