ঢাকার ধামরাইয়ে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আটক রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় সড়ক পার হওয়ার সময় স্কয়ার কোম্পানির একটি মিনি কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া গাড়িটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।
