রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুন (২৫) ও ৫ মাসের শিশু কন্যা ফারিয়াকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী ফিরোজ আলী (৩৫)।
সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে ঢাকা গাবতলী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ফিরোজ মাদকাসক্ত। তার বাবার নাম হাসিব আলী। ফিরোজের আরেক শিশু পুত্র ফাহিম আলী বেঁচে যায়। রাত দেড়টার দিকে ফাহিমের কান্না শুনতে পেয়ে ফিরোজের বাবা-মা ঘরে ঢোকেন।
এ সময় তারা পলি ও ফারিহাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফিরোজ আলী বিয়ের আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। চার বছর আগে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপর পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে পলি খাতুনের সঙ্গে বিয়ে হয় ফিরোজের। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে অতিমাত্রায় তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন। মাঝেমধ্যে টাকা চাওয়ায় স্ত্রী পলি খাতুনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন ফিরোজ। এই রাগে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গলায় আঘাতের চিহ্ন না থাকায় এবং পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
