ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০১:০২ পিএম

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আলতাফ হোসেন সেলিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, আলতাফ হোসেন ডেমরা বাজার এলাকাতে স্থায়ীভাবে থাকেন। বর্তমানে পেশায় কিছুই করতেন না তিনি।  আজ ভোরবেলায় ফজরের নামাজ শেষে তিনি হাঁটতে বের হন। স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তার মধ্যবর্তী রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলতাফ হোসেন। পরে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত