চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুকুর থেকে রাবেয়া বেগম (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা-পুলিশ।
বুধবার উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আজীম মেম্বার বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাবেয়া বেগম ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেজো মেয়ে।
রাবেয়া বেগমের ভাই শাহাদাত হোসেন জানান, গত রোববার রাত প্রায় সাড়ে ৯টায় তার বোন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় অন্ধকারের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে হাত পা ধুতে গেলে হয়তো পানিতে পড়ে ডুবে মারা যায়।
তিনি জানান, রাবেয়া সাঁতার জানতো না। বুধবার সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
মিরসরাই থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, পুকুরে লাশ ভাসতে থাকার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। কিন্তু লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
