আওয়ামী লীগের পথের কাঁটা ‘বিদ্রোহী’ প্রার্থী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:৪৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান মেয়র জুয়েল আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু নৌকার মনোনয়ন না পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি, তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার হেলাল মিয়া (জগ)। আওয়ামী ঘরানার শক্তিশালী দুজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির একক প্রার্থী আবুল হোসেনের ধানের শীষ প্রতীক নিয়ে ফুরফুরে মেজাজে থাকার কথা থাকলেও দলের অভ্যন্তরীণ কোন্দলে তার পথও মসৃণ নয়। 

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভায় ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন জুয়েল আহমদ নৌকা, আবুল হোসেন ধানের শীষ, আনোয়ার হোসেন নারিকেল গাছ ও হেলাল মিয়া জগ।

এর আগে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আহমদ ২০১৫ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হন। এ বছর আওয়ামী লীগে দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন তিনি। একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচনের মাঠে পালন করছেন অনেকটা নীরব দর্শকের ভূমিকা। আর বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত।

জানা যায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সহ-সভাপতি, তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার হেলাল মিয়া (জগ) দলীয় মনোনয়ন না পাওয়াতেই ‘বিদ্রোহী প্রার্থী’ হয়েছেন। তারা উভয়ে ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। ভেতরে ভেতরে দলের অনেক নেতাকর্মীও তাদের পেছনে রয়েছেন। বিএনপির প্রার্থী আবুল হোসেন বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে এবং সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিজয়ী হবে।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, গত নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলের শীর্ষ নেতারা এ বছর আমাকে মনোনয়ন দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ঠিকাদার হেলাল মিয়া বলেন, পৌর এলাকার সর্বস্তরের জনগণের চাপে প্রার্থী হয়েছি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমদ বলেন, পৌরসভার ইতিহাসে প্রথমবারের মতো দলীয় মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীকে কাক্সিক্ষত সেবা দিয়েছি। অন্যদিকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের বিষয়ে শিগগিরই দল সিদ্ধান্ত নেবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। নির্বাচনের পরিবেশও সুষ্ঠুু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত