খুলনা নগরীতে ইজিবাইক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। এ ব্যাপারে কেসিসির পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাইকিং করেও ভাড়া বৃদ্ধির বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ইজিবাইক শ্রমিক লীগের প্যাডে ভাড়া বৃদ্ধির একটি চার্ট করে দেওয়ায় যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কেসিসি এ ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে চলতি বছর ৫ জানুয়ারি ‘শ্রমিক লীগের ইচ্ছায় ভাড়া বেড়েছে দ্বিগুণ’ শিরোনামে দেশ রূপান্তরে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর বিষয়টি কেসিসি মেয়রের নজরে আসে।
মেয়র বলেন, ইজিবাইকের ভাড়া বাড়ানো হয়নি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে ওই ইজিবাইকের লাইসেন্স বাতিল করা হবে। শিগগিরই এ অভিযান শুরু হবে। যারা কেসিসির নাম ব্যবহার করে অতিরিক্ত ভাড়া দাবি করছে, তাদের পুলিশে ধরিয়ে দেওয়ারও অনুরোধ জানান মেয়র।
