নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সংলগ্ন লিংক রোড সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফতুল্লা থানা-পুলিশের একটি টিম কাজ করছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬০)। তিনি ওই দোকানের কর্মচারী বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, জেলা পরিষদ সংলগ্ন ফকির গার্মেন্টস সংলগ্ন সড়কের ৭ তলা ভবনের নিচ তলায় ‘সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন্’ নামের গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে বৃহস্পতিবার দুপুর ১টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দোকানটিতে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি ও রিফিলিং করা হতো। দোকানের মালিক রিয়াজ নামের এক ব্যক্তি।
এ ব্যাপারে ভবনের অংশীদার মালিক সালাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বাড়ির একটি ফ্ল্যাটের মালিক মাত্র। ওই খানে অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডারের দোকান কে দিয়েছে। আমি জানি না।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন দেশ রূপান্তরকে জানান, ‘সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন্’ দোকানটিতে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি ও রিফিলিং করা হতো। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে রিফিলিং করা হতো। কিন্তু যে সিলিন্ডারে ওই কার্বন ডাই অক্সাইড রাখা হয়েছিল, সেটা অনেক পুরাতন। রিফিলিং করতে গিয়ে গ্যাসের প্রেশারে এই বিস্ফোরণ ঘটেছে। তখন সিলিন্ডার মাথায় আঘাত করলে দোকানের কর্মচারী রফিকুল নিহত হয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, আবাসিক ভবনের নিচে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর দোকানে বিস্ফোরণ ঘটেছে। এতে ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।
