কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মৃত এক ব্যক্তির কবর খোঁড়ার সময় মাটিতে ‘আরবি অক্ষর সদৃশ’ লেখা পাওয়া গেছে বলে জানা গেছে। কবরের পশ্চিমে পাশে আরবি হরফে ‘বিসমিল্লাহ’ ও ‘সুরা ইয়াছিন’ এবং পূর্ব পাশে ‘মিম হা মিম দাল (মোহাম্মদ)’ লেখা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।
বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম পানিমাছ কুটি গ্রামে এমন ঘটনা ছড়িয়ে পড়লে তা দেখতে মানুষের ঢল নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করতে হয় ।
স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত আ. জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন ঢাকার মহাখালীর ব্র্যাক এনজিওতে চাকরিরত অবস্থায় বুধবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ স্বজনরা নিয়ে এসে নিজ বাড়ির আঙিনায় দাফনের জন্য বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রস্তুতি নেন।
তারা জানান, আব্দুল বারী ও আমির আলী কবর খোঁড়ার জন্য কাজ শুরু করে। কবরের বেশির ভাগ অংশ ছিল বালি মাটি। এর ওপরের অংশ খোঁড়ার সময় বের হয়ে আসে আরবি সদৃশ অক্ষর। বিষয়টি তারা দেখে চমকে যান প্রথমে। পরে ধারালো অস্ত্র (বেকি) দিয়ে তারা মাটি কাটতে থাকলেও আরো পরিষ্কার হয়ে ওঠে হরফগুলো। মৃতের বড় ভাই ইব্রাহিম আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।
উত্তর শিমুল বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরনবী জানান, কবরে আরবি অক্ষর লেখা আমার জীবনে দেখি নেই। এই প্রথম এ ধরনের দৃশ্য চোখে পড়ল।

ফুলবাড়ীর নন্দেরকুটি চৌপথী জামে মসজিদের ইমাম (খতিব) ও বড়লই এলাকার হাফেজ মাওলানা আ. হক জানান, কবরের পশ্চিমে ‘বিসমিল্লাহ’, ‘সুরা ইয়াছিন’র কিছু অংশ। পূর্ব পাশে রয়েছে ‘মিম হা মিম দাল (মোহাম্মদ)’ নাম। আমরা নিজেরাই পড়েছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে। লাশ দ্রুত দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, খবর শোনার পর পুলিশকে জানানো হয়েছে।
