অভিনেত্রী আশা চৌধুরী নিহত হওয়ার তিন দিন পরও তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক ও এর চালককে চিহ্নিত করতে পারেনি পুলিশ। ট্রাকটি ও এর চালকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেও গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের প্রশ্নের জবাবে সুনির্দিষ্টভাবে কোনো আশার কথা শোনাতে পারেননি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান।
এদিকে তরুণ অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু নিয়ে এখনো সন্দেহমুক্ত হতে পারেনি তার পরিবার। তারা এই মৃত্যুকে পরিকল্পিত বলে সন্দেহ করছেন। একই সঙ্গে আশার স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে তার বাবা-মাকে। গত সোমবার রাতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অভিনেত্রী আশা চৌধুরীর স্মৃতিচারণ করতে গিয়ে তার বাবা আবুল কালাম দেশ রূপান্তরকে বলেন, ‘গত কয়েক বছর ধরে অভিনয়ে মনোযোগ দিলেও ওর স্বপ্ন ছিল অন্য কিছু। ইচ্ছা ছিল বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবে। এজন্য আইন বিভাগে ভর্তিও হয়েছিল। সব সময় বলত আব্বু, আমাদের এই দুঃখ বেশিদিন থাকবে না। ম্যাজিস্ট্রেট হয়ে বেতনের টাকা তোমার কাছে জমাব। তুমিও ব্যবসার টাকা জমিয়ে রাখবা। পরে ওই টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ শেষ করে সবাই একসঙ্গে থাকব। আজ আশা নেই, কিন্তু ওর রেখে যাওয়া স্বপ্নগুলো রয়ে গেছে। যা তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত।’ এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন আবুল কালাম। একপর্যায়ে তিনি আর্তচিৎকার করে ডাকতে থাকেন তার নয়নের মণি আশাকে।
আবুল কালাম বলেন, ‘ঘটনার দিন রাত ১টা ৩০ মিনিটে দুঃসম্পর্কের আত্মীয় শামীম ফোন দিয়ে টেকনিক্যাল মোড়ে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করলে সে তখন ফোন কেটে দেয়। আবারও শামীমকে ফোন করলে সে ফোন রিসিভ করে জানায়, আমার সোনার টুকরা মেয়ে আশা নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাবা হিসেবে এর চেয়ে দুঃসংবাদ আর কী হতে পারে।’
আশার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর কারাগারে যাওয়া মোটরসাইকেল চালক শামীমকে কেন আপনারা সন্দেহ করছেন এমন প্রশ্নে আবুল কালাম বলেন, ‘দুর্ঘটনার ২-৩ দিন আগে আশা বলেছিল আম্মু, শামীম ভাইয়ের মোটরসাইকেলে উঠতে আমার ভয় লাগে। উনি যেন কেমন করে চালায়। ঘটনার দিন শামীম ফোন দিয়ে বলে, আশাকে রাত ১১টার মধ্যে বনানী থেকে মিরপুরে বাসায় পৌঁছে দেবে। এরপর রাত দেড়টা পর্যন্ত কেন তারা বাসায় ফেরেনি? আড়াই ঘণ্টা কোথায় ছিল? তাই আমাদের সন্দেহ হচ্ছে, আশার দুর্ঘটনার পেছনে তার হাত রয়েছে।’
শামীমের বিষয়ে জানতে চাইলে ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষ হলে নিশ্চিতভাবে বলা যাবে।’
