আড়াইহাজার আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

এমপি বাবুর সমর্থকদের প্রাধান্য, বিরোধীরা বাদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০১:২৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুকে সভাপতি এবং জেলা পরিষদের সদস্য খুরশীদ আলম সরকারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানানো হয় কমিটির ব্যাপারে।

জানা গেছে, সম্মেলনের দেড় বছর পর আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ নেতাকর্মীরা স্থান পেয়েছেন। বাদ পড়েছেন জেলা কমিটির সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু ও যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ সমর্থক নেতাকর্মীরা।

এর আগে ১৫ বছর পর ২০১৯ সালের ২২ জুলাই আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাংসদ নজরুল ইসলাম বাবু। তার আগে ২০০৪ সালের মার্চে শাহজালাল মিয়াকে সভাপতি ও আবদুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটি জমা দেওয়া হয় জেলা কমিটির কাছে। কিন্তু ১৫ বছরেও সে কমিটির অনুমোদন না হওয়ায় প্রস্তাবিত কমিটির মাধ্যমেই চলছিল সংগঠনিক কার্যক্রম। ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন নয়জন। তারা হলেন- মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, কাজী বেনজীর আহমেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, আবু তালেব মোল্লা, মনির হোসেন শিকদার, মেহের আলী মোল্লা ও রফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক তিনজন হলেন মোজাম্মেল হক জুয়েল, হালিম শিকদার ও মাহবুবের রহমান রোমান। তিন সাংগঠনিক সম্পাদক হলেন আমিনুল ইসলাম, সাইফুর রহমান ও আমান উল্লাহ।

কমিটিতে স্থান পেয়েছেন সোনা চোরাচালান মামলার আসামি হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া।

এ ব্যাপারে সাংসদ নজরুল ইসলাম বাবুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার দেশ রূপান্তরকে বলেন, কমিটিতে সবাই যার যার যোগ্যতাবলে স্থান পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত