ধর্ষণের অভিযোগ

আ.লীগ নেতা ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০১:২৮ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানের এক গ্রামে শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আফজাল হোসেন এবং তার সহযোগী নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ মামলা করা হয়। এর আগে গত ১ জানুয়ারি রাত ৯টার দিকে ছয় মাস বয়সী শিশুকে জিম্মি করে তার মাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সিরাজদীখান থানার ওসি এসএম জালালউদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ১ জানুয়ারি রাতে গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আফজাল হোসেন এবং তার সহযোগী নাসিরউদ্দিন। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। একপর্যায়ে ছয় মাস বয়সী শিশুকে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে ৪ জানুয়ারি ধর্ষণের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দিলে ট্রাইব্যুনাল সিরাজদীখান থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেয়।

এদিকে ধর্ষণের ঘটনাটি ‘মিথ্যা ও সাজানো’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের পক্ষে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার সকালে উপজেলার রাজনগর গ্রামে মানববন্ধন করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, আমার প্রতিপক্ষ ‘ওই মহিলাকে’ দিয়ে ‘মিথ্যা মামলা’ করিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত